ঢাকা: দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের প্রদত্ত অবদান সরকার যথাযথ মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের মাধ্যমে এ ধরনের পরিবর্তন আসলে দেশ উপকৃত হবে।
ঈদের আনন্দ বছরের বাকি সময়জুড়েও মানুষের জীবনে বিরাজ করবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঈদ উদযাপনের ঐতিহ্য-সেমাই, শিন্নি ও পোলাওসহ নানা আয়োজন-আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নত মূল্যবোধ ও সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
তিনি দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া এবং দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।