ঢাকা: ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ ) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আমূল বদলে ফেলার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সভার এ সিদ্ধান্তগুলোর বিষয়টি নিশ্চিত করেন।
সভায় প্রধানমন্ত্রী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে জানান, ট্রাফিক সিগন্যালগুলো দেশীয় পদ্ধতিতে অটোমেশন করা হবে এবং পর্যায়ক্রমে ঢাকার ১২০টি সিগন্যাল এই ব্যবস্থার আওতায় আসবে।
যানজট নিরসনে ঢাকার চার পাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া শহর থেকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণসহ ঢাকার ভেতরে থাকা ৫টি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা হবে এবং বর্তমান টার্মিনালগুলো শুধুমাত্র সিটি সার্ভিসের জন্য ব্যবহৃত হবে। রাস্তার দু’পাশের দখলমুক্ত করা, মাঝের বিদ্যুতের খুঁটি সরানো এবং রেল ক্রসিংয়ে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সিটি বাসগুলোকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হবে এবং অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি ও হাসপাতাল এলাকায় লিফট স্থাপন করা হবে।
আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক। এসব পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
এ বিশেষ সভায় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুল সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।