ঢাকা: আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় জাতীয় সংসদে পেশ করা হবে। তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি হবে প্রথম বাজেট ঘোষণা। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরীরও এটি প্রথম বাজেট পেশ হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাধারণত প্রতি বছর জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হলেও আগামী জুনের প্রথম সপ্তাহে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় বাজেট উপস্থাপনের সময় এক সপ্তাহ পেছানো হয়েছে। ফলে দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবা বাজেট পেশের দিন হিসাবে চূড়ান্ত করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের আকা এখনও চূড়ান্ত হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরোদমে শুরু হয়েছে প্রাক-বাজেট আলোচনা। বাজেটে জনবান্ধব প্রতিফলন ঘটাতে বিভিন্ন অংশীজন ও অংশীদারদের (স্টেকহোল্ডার) সঙ্গে নিয়মিত বৈঠক ও পরামর্শ নেয়া হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে বাজেটের আকার চূড়ান্ত করে তা সংসদে তোলা হবে।
উল্লেখ্য, গত বছর (২০২৫-২৬ অর্থবছর) নির্বাচিত সংসদ না থাকায় একটি ব্যতিক্রমী উপায়ে বাজেট পেশ করা হয়েছিল। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেছিলেন।