বেনাপোল: ভারতে এক বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ৪ নারী।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার পরে সময় ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেন- নারায়নগঞ্জ জেলার সাহাবুদ্দিন এর মেয়ে পপি খাতুন (২৬), গাইবান্ধা জেলার মোস্তাফিজুর রহমান এর মেয়ে মো. মোনালিসা খাতুন ওরফে নেহা (২৩), যশোর জেলার আযুব আলীর মেয়ে মরিয়ম খাতুন (৩৫) ও মুন্সিগঞ্জজেলার আব্দুল হাকিম এর মেয়ে রাত্রি বেগম।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, এরা ভারতে অবৈধপথে পাড়ি জমায়। এরপর সে দেশে কাজ করার সময় তারা পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যায়। ইমিগ্রেশন এর কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এর ফিল্ড অফিসার সফিকুর রহমান বলেন, এরা ভারতের মোম্বাই শহরে পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় ছিল। এরপর সে দেশের নওজীবন মহিলা সংস্থা তাদের জেলখানা থেকে ছাড় করিয়ে প্রায় একবছর তাদের শেল্টার হোমে রাখে। এরপর উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে আজ তারা বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে। আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করব।