ঢাকা: ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে দেশের সব মাদরাসায় কুচকাওয়াজ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
অধিদফতরের সহকারী পরিচালক (অর্থ) ও প্রতিকল্প কর্মকর্তা এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা এক স্মারকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলোতে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করতে হবে।
এছাড়া, ২৬ মার্চ সকাল ৮টায় অথবা সুবিধাজনক সময়ে পতাকা বিধি অনুযায়ী সব সরকারি ও বেসরকারি মাদরাসায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করতে বলা হয়েছে। রচনা প্রতিযোগিতা, হামদ ও নাত, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতারও আয়োজন করতে হবে। পাশাপাশি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।