ঢাকা: দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। তার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশায় যুক্ত হওয়ার আগে তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।