ঢাকা: প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি থাকা সত্ত্বেও দেশের অভ্যন্তরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বর্ধিত মূল্যের বোঝা জনগণের ওপর চাপাচ্ছে না।
বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, কাতারসহ আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রগুলোতে অস্থিরতা ও ক্ষয়ক্ষতির কারণে এলএনজি সরবরাহ নিয়ে কিছু শঙ্কা থাকলেও, অভ্যন্তরীণভাবে সংকট তৈরির কোনো কারণ নেই। একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
পাম্প মালিকদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোনো পাম্পে অবৈধভাবে জ্বালানি মজুত করা হচ্ছে কি না- তা কঠোরভাবে নজরদারি করা হবে। জনগণকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে একটি কঠিন সময় অতিবাহিত হলেও বাংলাদেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই। সরকার সাধ্যমতো সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তাই গুজবে কান দিয়ে বাজারে অস্থিরতা তৈরি না করতে তিনি সবার প্রতি অনুরোধ জানান। সরকারের এই সমন্বিত বার্তার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনা এবং মজুতদারদের অসাধু তৎপরতা বন্ধ করা।