ঢাকা: যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি আমদানি এবং অভ্যন্তরীণ বাজার থেকে ১ কোটি লিটার পাম অয়েল ক্রয়সহ ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৭০৭ কোটি ৩৭ লাখ টাকা।
বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটি’র বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে স্পট মার্কেট থেকে আগামী এপ্রিলের জন্য একসঙ্গে দুই কার্গো ( চলতি বছরের ১০ ও ১১ নং কার্গো) এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ‘টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ এই কার্গো দুটি সরবরাহ করবে। প্রতিটি কার্গোর জন্য ব্যয় হবে বাংলাদেশি টাকায় ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার টাকা। দুটিতে মোট ব্যয় হবে ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ টাকা।
বৈঠকে অভ্যন্তরীণ বাজার থেকে দরপত্রের মাধ্যমে ১ কোটি লিটার পরিশোধিত পাম অয়েল কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ৫টি লটে এটি সরবরাহ করবে ‘শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। প্রতি লিটার ১৬৩ টাকা ৪৮ পয়সা দরে এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা।
বৈঠকে চলতি অর্থবছরের জন্য ইপিআই কার্যক্রমে ব্যবহৃতব্য একাধিক ভ্যাকসিন ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এই ভ্যাকসিন সরবরাহ করবে ইউনিসেফ। এতে ব্যয় হবে ৬০৪ কোটি ৫ লাখ টাকা।
বৈঠকে কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৪৭৬.৩৭৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ১৭৫ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার টাকা।
বৈঠকে চুয়াডাঙ্গায় ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি সারের গুদাম নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ৪৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ‘এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড’।
এছাড়া বৈঠকে ঢাকা-ময়মনসিংহ বিভাগে বিদুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে মোট ২২৯ কোটি ৯০ লাখ টাকার বৈদ্যুতিক খুঁটি ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। খুঁটি সরবরাহের কাজটি পেয়েছে যৌথভাবে- ‘দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড’, ‘কনটেক কনস্ট্রাকশন লিমিটেড’, ‘টিএসকো পাওয়ার লিমিটেড’ ও ‘পাশা পোলস লিমিটেড’।