কাগজে কলমে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে তারা। তবে সাম্প্রতিক সময়ে বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে ভিয়েতনাম। বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভিয়েতনাম কোচ কিম সাং সিকের মতে, এই বাংলাদেশকে হারাতে বেশ বেগ পেতে হবে ভিয়েতনামকে।
প্রীতি ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ মূলত ম্যাচটি খেলছে আগামী ৩১ মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতি হিসেবে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকলেও প্রতিপক্ষে সামর্থ্য নিয়ে সংশয় নেই ভিয়েতনাম কোচের। তার মনে হচ্ছে, হাভিয়ের কাবরেরার বর্তমান দল আগের চেয়ে শক্তিশালী অনেক।
হামজাকে আটকাতে ভিডিও বিশ্লেষণ করার কথাও জানালেন কিম সাং সিক, ‘গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত, বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। তাদের মধ্যে কয়েকজন এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয়েছিল। আমি বিশ্বাস করি, তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’
কিম আরও বলেন, ‘আমি হামজার ব্যাপারে অবগত আছি। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সঙ্গে মিলে আমরা তাকে মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে তার ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা।’
ভিয়েতনাম অধিনায়ক দো দুয়ি মানের কণ্ঠেও কোচের সুর। ছক অনুযায়ী খেলে জয় পেতে মুখিয়ে তিনিও, ‘আমরা মনোযোগী থাকব, শৃঙ্খলার সঙ্গে খেলব এবং কোচিং স্টাফের নির্দেশনা মেনে চলব। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, আমরা জয়ের লক্ষ্য রাখব; কারণ এটি আমাদের ফিফা র্যাঙ্কিংকেও প্রভাবিত করে।’