কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ এর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন- ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।