সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লীতে রাতের আধারে গাভী ও বাছুর চুরির পর হাওরে জবাই করে সকল মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার পাটলি ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে গাভী ও বাছুর চুরির পর এমন কান্ড করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে আলীপুর গ্রামের রবিউল ইসলামের বসতঘর থেকে একটি গাভী ও বাছুর চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার (২৫ মার্চ) সকাল বেলা ১১টার দিকে স্থানীয় কৃষকেরা হাওরে গেলে ধান খেতে চুরি যাওয়া গাভী ও বাছুরটি শিং ও চামড়া দেখতে পান। কৃষকরা দেখেন, রবিউল ইসলামের চুরি যাওয়া গাভী ও বাছুর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পাটলি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু ছালেহ বলেন, ‘এমন ঘটনা আমাদের এলাকায় আগে ঘটেনি বা জীবনেও শুনিনি। একটি গাভী কৃষক পরিবারের অনেক উপকার করে।’
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘আলীপুর গ্রাম থেকে গাভী ও বাছুর চুরির পর জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। কেউ ঘটনাটি পুলিশকে জানায়নি। ঘটনার খোঁজ-খবর নেওয়া হবে।’