বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বেনাপোল পোর্ট থানা এলাকার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে আপন হোসেন এবং একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে মিলন হোসেন।
জানা যায়, বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন দুই যুবক। পথে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।