Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৩:৩৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালি (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী নিজ জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে তার সঙ্গে তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষরা প্রাচীর ভেঙ্গে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পায়।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ মার্চ) রাত ২টার দিকে তিনি মারা যান।

নিহত শহিদুল ইসলাম মোক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।

এ ঘটনায় শিল্পি খাতুন ও আরবী খাতুন নামে আরও দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে পরে মারা যান। এ ঘটনায় পূর্বেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর