ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোষ্টে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) এই শুভেচ্ছা জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে ৯ মাস তৎকালীন পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। আজকের দিনেই ঘোষণা দেওয়া হয় স্বাধীনতার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোষ্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।
এতে আরও বলা হয়, পাকিস্তান তাদের (বাংলাদেশ) অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার আকাঙ্ক্ষা রাখে।
বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ এক গৌরবময় দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি বাহিনী রাজধানী ঢাকাসহ এ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর চালায় নির্মম হত্যাযজ্ঞ।
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় লাল-সবুজ পতাকার স্বাধীন সার্বভৌম একটি দেশ-বাংলাদেশ।