Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে শ্রদ্ধাভরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সারাবাংলা ডেস্ক
২৬ মার্চ ২০২৬ ১৬:৪০ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৭:৪৩

কোলাজ ছবি: সারাবাংলা

সারাদেশে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চল পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক নানা আয়োজনের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সারাবাংলা ডট নেটের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবরে উঠে এসেছে স্বাধীনতা দিবস উদযাপনের নানা চিত্র।

চট্টগ্রাম: মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণ করেছেন।

বিজ্ঞাপন

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এবং রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।

শ্রদ্ধা নিবেদন শেষে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতা। এ দিবসের প্রত্যয় হচ্ছে সবার আগে বাংলাদেশকে রেখে, বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখে আমরা যেন দেশকে এবং দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

আয়োজনের মধ্যে আরও আছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

রাজশাহী: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজশাহীতে জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশীদ।

সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজশাহী কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এ কথা বলেন, ‘স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে। মায়ের ভাষার জন্য পৃথিবীতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে, তারা জাতির কাছে আজীবন ঘৃণিত থাকবে।’

বর্তমান সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে মিনু বলেন, ‘স্বাধীনতার পর অনেক সময় পেরিয়েছে। আমরা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চাই।’

নাটোর: নাটোরে ৩১ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আজকে দীর্ঘদিন পর স্বাধীন পরিবেশে স্বাধীনতা দিবস আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদযাপন করছে। স্বাধীন এবং রাষ্ট্রীয়ভাবে গত ১৮-২০ বছর এই সুযোগ আমরা পাইনি।’

চাঁপাইনবাবগঞ্জ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

দিবসের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
করেন জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা কারাগারের দায়িত্বশীল কর্মকর্তা, সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জামালপুর: জামালপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

হিলি: দিনাজপুরের হিলিতে স্বাধীনতা দিবসের প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে সম্মুখ সমরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর হিলি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, পৌরসভা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা ও শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

টাঙ্গাইল: টাঙ্গাইলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়।

টাঙ্গাইল শহরের জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে, সকাল ৯টায় শহিদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়। অপর দিকে হাসপাতাল, জেলাখানা, সরকারি শিশু পরিবার, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বেনাপোল: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।

বিজিবির একটি চৌকস দল এ সময় বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করে।

পাবনা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাবনায় বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।

সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, জেলা পুলিশ, প্রেস ক্লাব, জেলা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশ, সিভিল সার্জন, র‍্যাব-১২ পাবনা, আনসার ভিডিপি, পৌরসভা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, জেলা তথ্য অফিস, বিআরটিএ, বিভাগীয় বন কর্মকর্তা, গণপূর্ত বিভাগ, জেলা শিক্ষা অফিস, পাবনা প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

কুমিল্লা: কুমিল্লায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভোরে কুমিল্লা টাউনহল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।

পরে কুমিল্লা কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।

নরসিংদী: নরসিংদীতে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ কর হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক সহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, মুক্তিযুদ্ধা, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

রংপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে রংপুর জেলা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে (কালেক্টরেট সুরভী উদ্যান) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফাত হাসান, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা প্রথমে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

পিরোজপুর: মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক আবু সাঈদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে মুক্তিযোদ্ধারা তাদের রণাঙ্গনের স্মৃতিচারণ করে বলেন, তাদের অনেক সহযোদ্ধা ইতোমধ্যে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের কাছে সম্মানজনক স্বীকৃতিই প্রত্যাশা করেন, তারা কারো করুনার পাত্র হতে চায় না।

সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সকাল ৯টায় সিংড়া কোর্টমাঠে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত ও সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

কুমিল্লা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা সেনানিবাসে পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। ‘Go Green Initiative’ (গো গ্রিন ইনিশিয়েটিভ)-এর ব্যানারে আয়োজিত এই র‍্যালিতে অংশ নেন সেনানিবাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সৈনিক এবং শিশু-কিশোররা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশন এবং কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।

ঠাকুরগাঁও: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

দিনের শুরুতেই ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর