রাজবাড়ী: এখন থেকে যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার আগে সকল যাত্রী নামিয়ে দিয়ে শুধু ড্রাইভার একা গাড়ি নিয়ে ফেরিতে উঠবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. সলিম উল্লাহ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. সলিম উল্লাহ বলেন, আমরা চাইনা ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটুক। আমি আমার স্টাফের বলেছি এখন থেকে ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামাতে হবে। এরপর শুধু চালক গাড়ি নিয়ে ফেরিতে উঠবে। যাত্রীরা হেঁটে ফেরিতে উঠবে।
তিনি আরও বলেন, ফেরি ঘাটে সকল পন্টুনে নতুন করে রেলিং সংযোগ করা হবে। ফেরি ও ঘাট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আধুনিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
দুর্ঘটনায় কারও গাফিলতি (দায়িত্ব অবহেলা) রয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে এই তদন্তের রিপোর্ট দিবে। তদন্ত প্রতিবেদনে কারও গাফিলতির প্রমান পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।