রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ছয়টায় সাময়িক সময়ের জন্য উদ্ধার অভিযান কার্যক্রমে বিরতি দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি, কোষ্টগার্ড, নেভি উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি নৌপুলিশের স্পিড বোটে মাইকিং করা হচ্ছে কোনো মরদেহ দেখতে পেলে তাদের জানাতে। তবে ঘাট এলাকায় নিখোঁজের খোঁজে কেউ অপেক্ষায় নেই।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সোহেল রানা জানায়, ফায়ার সার্ভিসের ৬ জন এবং নৌবাহিনীর ৬ জন মিলে দুটি দলের মোট ১২ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর থেকে ঘাট এলাকায় নিখোঁজ কারও খোঁজে ঘাট এলাকায় কেউ আসে নি। তবে একজন নিখোঁজের সংবাদ আমরা পেয়েছি। পরিবারের সদস্যরাও নিশ্চিত না যে ওই বাসের যাত্রী ছিলো সে। তারপরও আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।
এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। স্বজনেরা দিনাজপুর থেকে রাজবাড়ী এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। বাসডুবিতে রাজবাড়ী জেলার নিহত ১৮ জনের মধ্যে ১৭ জনের পরিবারের কাছে ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। কালুখালী উপজেলার একটি পরিবার মানিকগঞ্জে অবস্থান করায় পরে যোগাযোগ করে চেক প্রদান করা হবে।