Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত দেড় বছরে মুক্তিযুদ্ধের চেতনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে: রুমিন ফারহানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১২:১৮

ব্রাহ্মণবাড়িয়া: গত দেড় বছরে দেশে মুক্তিযুদ্ধের চেতনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গত দেড় বছরে একের পর এক মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ‘মব কালচার’ প্রতিষ্ঠা করা হয়েছে, যা আগে কখনো বাংলাদেশে দেখা যায়নি। তিনি বলেন, ‘আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে। এ লজ্জা মুক্তিযোদ্ধাদের নয়, এটি জাতি ও রাষ্ট্র হিসেবে আমাদের সবার লজ্জা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারকে মুক্তিযুদ্ধের মূল চেতনা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পর আজও সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

তিনি বলেন, স্বাধীনতার সংগ্রামকে আমরা মুক্তির সংগ্রাম বলি। সেই মুক্তির সংগ্রাম এখনো শেষ হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক আমাদের লক্ষ্য।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ২৪-এর আন্দোলনে সরাসরি অংশ নেওয়ার কারণে তার বাড়ি ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হতে পারে না।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর