Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ ৪ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১২:১০

ফাইল ছবি।

ঢাকা: রাজধানী ঢাকা ও ময়মনসিংহসহ দেশের মোট চারটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৭ মার্চ) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা ওই বার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, গত বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে যে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মূলত ঋতু পরিবর্তনের এই সময়ে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এমন আকস্মিক বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে। উপকূলীয় ও দক্ষিণাঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও রাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে দুপুরের পর থেকে মেঘের আনাগোনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর