ঢাকা: টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম নির্ধারণের এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন দাম নির্ধারণের আগে প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা দরে বিক্রি হচ্ছিল মূল্যবান ধাতুটি।
এর আগে, ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা ছিল।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হয়ে চূড়ান্ত ক্রয়মূল্য আরও বাড়বে।