Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফনদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৪:৫৩ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৫:০৮

প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদী থেকে তিনটি নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার (২৮ মার্চ) মাছ ধরতে গিয়ে সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপের নাফনদীর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন, মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাঁদের সবার বাড়ি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাংঙ্গর পাড়া গ্রামে।

বিজ্ঞাপন

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, ভোর চারটার দিকে জেলেরা ঘাট থেকে নাফনদীর মোহনায় মাছ ধরতে যান। সকাল সাতটার দিকে মাছ ধরার সময় স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ধাওয়া করে তিনটি নৌকা ও ১৩ জেলেকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, নাফনদী ও সাগরে মাছ ধরা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আরাকান আর্মি প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকার মালিকদের মধ্যে দুর্দিন নেমে আসবে। এ বিষয়ে সরকারের সহায়তা কামনা করেন তিনি।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ভোররাতে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে যান। ঘটনার পর বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এতে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলে ও নৌকা আটকের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আটক জেলেদের ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর