Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৫:০২

গ্রেফতার খোকন শিকদার।

খুলনা: খুলনার রূপসায় স্ত্রী খুরশিদা বেগমকে (৫০) হত্যার দায়ে স্বামী খোকন শিকদারকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে অভিযুক্ত খোকন শিকদারকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে নিজ পিতা খোকন শিকদারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের ইউনুছ শিকদারের ছেলে খোকন শিকদার গত ২৬ মার্চ সকালে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী খুরশিদা বেগমকে ঘরে থাকা একটি শাবল দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। আকস্মিক এই নৃশংস আঘাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ২৭ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান জানান, ঘটনার সঙ্গে জড়িত খোকন শিকদারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর