ঢাকা: গত ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি খরচে ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা দিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। আলোচ্য সময়ে ৪ লাখ ৬০ হাজার ২৯৭টি মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীকে সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থার আওতায় বিভিন্ন মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৩৯৫ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৫৮ হাজার ৬৩০ জন, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৯ জন এবং জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে ১ লাখ ৯৯ হাজার ৮০৬ জনকে সেবা দেওয়া হয়েছে।
আইনি সহায়তা প্রদান আইনের অধীনে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা নিশ্চিত করছে।