Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের তথ্য সার্ভারে দিতে ইসির ডেডলাইন ৩০ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৮:৫৬

ঢাকা: দেশের যেসব নাগরিকের ভোটার নিবন্ধন ফরম (ফরম-২) এখনো নির্বাচন কমিশনের (ইসি) মূল ডাটাবেজে যুক্ত হয়নি, তাদের তথ্য আগামী ৩০ জুনের মধ্যে আপলোডের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র (NID) সেবা আরও গতিশীল এবং জনভোগান্তি কমাতে এই উদ্যোগ নিয়েছে কমিশন।

শনিবার (২৮ মার্চ) এনআইডি অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ডাটাবেজে এই ফরমগুলো সংরক্ষিত থাকলে নাগরিকদের তথ্যের সঠিকতা যাচাই করা অনেক সহজ হবে। বিশেষ করে যারা এনআইডি সংশোধন করতে চান, তাদের তথ্যের সত্যতা দ্রুত যাচাই করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমিয়ে দেবে।

বিজ্ঞাপন

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এ বিষয়ে জানান, নির্বাচন পরবর্তী সময় থেকেই মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ফরম-২ স্ক্যান করার কাজ শুরু হয়েছে। কাজটি দ্রুত শেষ করতে ইসি বিশেষ একটি সফটওয়্যারও তৈরি করেছে।

তিনি বলেন, “আমরা লক্ষ্য নির্ধারণ করেছি আগামী ৩০ জুনের মধ্যে সব ফরম আপলোড সম্পন্ন করার। এটি সম্পন্ন হলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ যেমন সহজ হবে, তেমনি গ্রাহকসেবার মানও বাড়বে।”

ভোটার সংখ্যার পরিসংখ্যান
ইসির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন, তৃতীয় লিঙ্গ (হিজড়া): ১ হাজার ১২০ জন।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কার্যকর হলে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত জটিলতা এবং সংশোধন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর