Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াত গড়তে জানেনা শুধু ভাঙতে পারে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ০৮:৩৭

যশোর: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম জামায়াতকে ইঙ্গিত দিয়ে বলেন, একানব্বইয়ের নির্বাচিত সরকারকে তিন বছরের মাথায় অস্থিতিশীল করতে যারা ভূমিকা রেখেছিলেন জামায়াত তাদের মধ্যে অন্যতম। তারা গড়তে জানেন না, তারা শুধু ভাঙেন। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। কোন প্রকার মব সৃষ্টি ও অন্যায় আবদারের কাছে মাথা নত করা যাবে না।

যশোর শহরের বেজপাড়ার শহীদ সুধীর ঘোষসহ এ এলাকায় একাত্তরের সকল শহিদের স্মরণে শনিবার (২৮ মার্চ) আয়োজিত শিশু চিত্রাঙ্কন ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যুদ্ধের কারনে বিশ্বব্যাপি সংকট চলছে। সেই সংকট আমাদের দেশেও হবে। ১৯৭৪ সালের দুর্বিক্ষে আমাদের দেশে খাদ্যের অভাব ছিলো না। বন্টন ব্যবস্থার দূর্বলতার কারণেই আমাদের দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এটা আমাদের সকলে মিলে মোকাবেলা করতে হবে।

বিজ্ঞাপন

শহিদ সুধীর ঘোষ সড়ক এলাকার শহিদ স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে দেবব্রত ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- যশোরের জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সাংবাদিক সাজেদ রহমান, অ্যাডভোকেট আসাদুজ্জামান, বিষ্ণু সাহা প্রমুখ।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর