ঢাকা: আর্চারিতে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক অর্জন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব। ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ এ বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে রাকিব এই সাফল্য অর্জন করেন।
শনিবার (২৯ মার্চ) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত এবং তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাইধনখালি গ্রামে।
শরীফুল ইসলাম জানান, গত ২০ মার্চ তিনি থাইল্যান্ডে গমন করে এবং ২১ মার্চ থেকে ব্যাংককে ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’- প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। গত ২৭ মার্চ সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২ থেকে ২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। এ বিজয়ে বিজিবি’র এই কৃতি আরচারী গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি বলেন, বিজিবি’র এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে আরও সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।