ঢাকা: সপ্তাহের প্রথম কর্মদিবসেই সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে চমক সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ মার্চ) সকালে অন্য দিনের মতোই নির্ধারিত সময়ে সচিবালয়ে উপস্থিত হন তিনি। তবে প্রতিদিন গাড়ি থেকে নেমে সরাসরি নিজের দফতরে প্রবেশ করলেও, আজকের কার্যক্রমে ছিল ভিন্নতা। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সরাসরি চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে।
সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয় ঘুরে দেখেন। সরকার প্রধানের এমন হঠাৎ উপস্থিতিতে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও বিস্ময়ের সৃষ্টি হয়।

বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরাসরি তদারকির এই চিত্র দেখে অনেক কর্মকর্তা-কর্মচারী সাধুবাদ জানান। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দফতরে ফিরে যান এবং দিনের নিয়মিত দাফতরিক কার্যক্রম শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।