ঢাকা: মার্চ মাসজুড়ে সারাদেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পর এবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (২৯ মার্চ) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই বৃষ্টির প্রবণতা অনেকটা কমে আসতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের শুরু থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পরিমাণ কমে আসবে, যার ফলে গরম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে আজ রোববার (২৯ মার্চ) দেশের আটটি বিভাগ-রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি কমে আসার এই পূর্বাভাসে ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে জনজীবনে গরমের তীব্রতা আরও অনুভূত হবে।