ঢাকা: রাজধানী ঢাকার বায়ুর মানের আবারও অবনতি ঘটেছে।
বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ৫৮ মিনিটে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৮১, যার অর্থ এখানকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর আগের দিন শনিবার (২৮ মার্চ) ঢাকার বায়ু মাঝারি বা ভালো মানের ছিল। মূলত আজ থেকে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে, যা বায়ুমানের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।
একই সময়ে দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার দূষণ স্কোর ২১৩ (খুবই অস্বাস্থ্যকর)। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২০১, যা সেখানকার বাতাসকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ নির্দেশ করে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।