Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিপেইড মিটারের মাসিক চার্জ থাকছে না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৫:১১ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৬:১৮

ঢাকা: প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে প্রি-পেইড মিটারের মাসিক ভাড়া নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ সময় তিনি বলেন, সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা হবে।

মন্ত্রী জানান, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কেটে নেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি পর্যালোচনা করা হয়েছে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে পরিশোধ করতে হয়। এ ব্যবস্থা নিয়ে বহুদিন ধরেই সমালোচনা করে আসছিলেন গ্রাহকরা।

অভিযোগ রয়েছে, মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই আদায় হয়ে যাওয়ার পরও এই চার্জ অব্যাহত ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এবং একে অযৌক্তিক বলে দাবি করা হচ্ছিল।

সরকারি সূত্রে জানা গেছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে তৈরি হওয়া আর্থিক চাপ গ্রাহকদের ওপর বর্তেছিল। বর্তমান উদ্যোগের মাধ্যমে সেই চাপ লাঘবের পাশাপাশি বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর