ঢাকা: জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘিরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত।
সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেবেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, একই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ঘোষণার জন্য ৩০ মার্চ দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। গত ১১ মার্চ এ দিন ধার্য করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। অপরদিকে আসামিপক্ষের হয়ে মেনন ও কামরুলের অব্যাহতি চেয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
এরও আগে, গত ২ মার্চ রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের বিষয়ে তাদের শুনানি উপস্থাপন করে।