ঢাকা: রাজধানীসহ সারাদেশে অবৈধ জুয়ার আসর, অনুমোদনহীন সিসা লাউঞ্জ এবং লাইসেন্সবিহীন মদের বার বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটে অবিলম্বে অবৈধ জুয়া, সিসা লাউঞ্জ ও মদের বার বন্ধে দেশব্যাপী নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, সম্প্রতি রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরাসহ বিভিন্ন অভিজাত এলাকায় ক্যাফে বা লাউঞ্জের আড়ালে অবৈধ সিসা বার, মাদক ব্যবসা, জুয়ার আসর এবং লাইসেন্সবিহীন মদের কার্যক্রম বাড়ছে। এসব কর্মকাণ্ড সমাজ ও বিশেষ করে তরুণদের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
রিটে আরও উল্লেখ করা হয়, দেশে সিসা বা হুক্কা বার পরিচালনার কোনো বৈধ অনুমোদন নেই। তবুও কার্যকর নজরদারির অভাবে এসব অবৈধ ব্যবসা দ্রুত বিস্তার লাভ করছে।
এছাড়া অভিযোগ করা হয়, অনেক সিসা লাউঞ্জে তামাকের সঙ্গে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক মিশিয়ে সেবন করা হচ্ছে। একই সঙ্গে গোপন কেবিনে মদ্যপান ও অনৈতিক কর্মকাণ্ডও পরিচালিত হচ্ছে। বিভিন্ন স্থানে অবৈধ জুয়ার আসর বসার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ প্রবণতা বাড়ছে বলেও রিটে বলা হয়েছে।
আইনজীবী জানান, এর আগে অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্ট নির্দেশনা দিলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সে প্রেক্ষাপটেই নতুন করে এই রিট দায়ের করা হয়েছে।