Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালে ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ

স্টাফ করেসপন্ডেট
২ এপ্রিল ২০২৬ ১৩:৩১

জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাসদ (জাতীয় সমাজতান্ত্রিক দল) সভাপতি হাসানুল হক ইনুর করা পুনতদন্তের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিন মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথমে রাষ্ট্রপক্ষ যুক্তি তুলে ধরলেও এদিন আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের জন্য দিন নির্ধারিত ছিল। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য প্রস্তুত হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে দাখিল করেন হাসানুল হক ইনু। তার আইনজীবীর মাধ্যমে জমা দেওয়া এ ব্যাখ্যায় মৌখিক সাক্ষ্যের সুযোগ না দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। সে সময় হাসানুল হক ইনুর নির্দেশে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন এবং আহত হন বহু সাধারণ মানুষ।

এ ঘটনায় উসকানি ও প্ররোচনাসহ ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর