Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবারে ফেরার আকুতি বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৩:০০ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১৪:৩৭

শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

ঢাকা: রাজধানীর রামপুরা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর শুনানির সময় আদালতে আবেগাপ্লুত হয়ে পড়েন বরখাস্ত পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান জয়। তিনি নিজের জন্য ‘সাধারণ ক্ষমা’ চেয়ে পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ কামনা করেন।

বুধবার (১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ ঘটনা ঘটে।

আদালতে নেওয়ার পথে হাজতখানা থেকে এজলাসে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শোয়াইবুর। তিনি দাবি করেন, চাকরি জীবনে এমন কোনো কাজ করেননি যার জন্য তাকে এ ধরনের মামলার মুখোমুখি হতে হবে। পুলিশ বিভাগের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, তার একটি ছোট সন্তান রয়েছে এবং তিনি সন্তানের কাছে ফিরে যেতে চান।

বিজ্ঞাপন

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিজের জন্য সাধারণ ক্ষমা চান। একই সঙ্গে তিনি দাবি করেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত না থাকলে কেন তাকে একাধিক মামলায় জড়ানো হচ্ছে এমন প্রশ্নও তোলেন তিনি।

মামলার শুনানিতে রামপুরা থানার এসআই মোহাম্মদ গোলাপ উদ্দিন মাহমুদ তাকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরনী মীর আবেদন মঞ্জুর করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই মোমিনুল ইসলাম।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা এলাকায় বিটিভি ভবনের পাশে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আবু নোমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে সুস্থ হয়ে তিনি রামপুরা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ সদস্যদের বিভিন্ন দাবিকে ঘিরে আলোচনায় আসেন শোয়াইবুর রহমান জয়। পরবর্তীতে ওই বছরের সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করা হয় এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

সারাবাংলা/টিএম/ইআ