Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুলখানির খাবার খেয়ে অসুস্থ সহস্রাধিক, হাসপাতালে ভর্তি ৩৯

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ২৩:৫০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ২৩:৪৬

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি কুলখানির অনুষ্ঠানে খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ সহস্রাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আক্রান্তদের মধ্যে ১০৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সেখানে ভর্তি রয়েছেন ৩৯ জন। এ ছাড়া অনেকে বাড়িতে এবং বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জানাজানি হয়। একই অনুষ্ঠানের খাবার খেয়ে বিপুলসংখ্যক মানুষের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ দেখা দেয়।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবতাব আলী।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালপানি গ্রামের আব্দুল জলিল ওরফে বাবলু ব্যাপারির ছেলে জাহিদুল ইসলাম (৩৮) গত ৬ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার আত্মার মাগফিরাত কামনায় গত মঙ্গলবার সকালে বাড়িতে কুলখানির আয়োজন করা হয়। এতে গ্রামের বাসিন্দা, আত্মীয়স্বজনসহ বিভিন্ন বয়সী প্রায় ১ হাজার ২০০ মানুষ অংশ নেন।

সকাল ৭টার দিকে শুরু হওয়া ওই অনুষ্ঠানে খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই অতিথিদের অনেকে পেটব্যথা, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হতে থাকেন। বিকেলের দিকে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকে। অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে পাঠানো খাবার খেয়েও অনেকে অসুস্থ হয়েছেন।

পরে আক্রান্তদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। যাঁদের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো, তাঁদের অনেকে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন বলেন, কুলখানির অনুষ্ঠানের তরকারি তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেই খাবার খেয়ে বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইউপি সদস্য মো. আবতাব আলী বলেন, কুলখানিতে প্রায় ১ হাজার ২০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তার দাবি, অনুষ্ঠানের খাবার খাওয়া ব্যক্তিদের প্রায় সবাই অসুস্থ হয়েছেন। আক্রান্তদের অনেকে গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আবতাব আলী আরও বলেন, ‘আমিও ওই অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছি। আজ কিছুটা সুস্থ বোধ করছি। গ্রামের এমন কোনো বাড়ি নেই, যেখানে অসুস্থ রোগী নেই।’

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, মঙ্গলবার বিকেল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একই অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হওয়া ১০৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবারও একই উপসর্গ নিয়ে ৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।

তিনি আরও বলেন, একই অনুষ্ঠানের খাবার খাওয়ার পর অনেকের মধ্যে বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেওয়ায় প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের বিষয়টি ধারণা করা হচ্ছে।