রংপুর: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশের মানুষ এখনও তিনবেলা ভাত খাওয়ার সক্ষমতা রাখছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে সার্বিকভাবে সবকিছুর দাম বেড়েছে; তবে সরকারের নেতৃত্বে দেশের অর্থনীতি ও জনজীবনকে স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান ‘কঠিন চীবর দান উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাপক লুটপাট ও অর্থনৈতিক ক্ষতির অভিযোগ রয়েছে। সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের কাজ চলছে। তিনি অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল ষড়যন্ত্র ও উস্কানি ছড়াচ্ছে; আইনের শাসন প্রতিষ্ঠিত থাকায় এসব কর্মকাণ্ডের বিচার হবে এবং অন্যায়ের খেসারত দিতে হবে। জনগণের বিরুদ্ধে গায়ের জোর দেখানোর চেষ্টার পরিণতি ৫ আগস্টের মতো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘জগতের সকল প্রাণী সুখী হোক’—এই চেতনায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আগামীর বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।