Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্ল্যাট দখলের অভিযোগে আত্মসমর্পণ, জামিনে মুক্ত এমপি গিয়াস কাদেরের ২ ছেলে

স্টাফ করেসপন্ডেট
২ এপ্রিল ২০২৬ ১৫:২৭

ঢাকা: রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলচেষ্টা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সহ তিন আসামি। জামিনপ্রাপ্তরা হলেন সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী এবং মেরিনা ইরশাদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে একই মামলায় চার আসামির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাদের মধ্যে এই তিনজন আত্মসমর্পণ করলেও অপর আসামি আশিকুর রহমান এখনো পলাতক রয়েছেন। মামলায় এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেও আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বাদী প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম। গত বছরের ১৪ সেপ্টেম্বর তিনি অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

অভিযোগ অনুযায়ী, ২০০৬ সালে আরেফিন সামসুল আলমের সঙ্গে একটি ছয়তলা ভবন নির্মাণের চুক্তি করেন মাইনুল ইসলাম দম্পতি এবং ২০০৭ সালে ভবনটি বুঝে পান। পরবর্তীতে ২০০৮ সালে মাইনুল ইসলামের মৃত্যুর পর থেকেই সংশ্লিষ্ট পক্ষ ফ্ল্যাট দখলের চেষ্টা শুরু করে। অভিযোগ রয়েছে, জাল কাগজপত্র তৈরি করে ভবনের দ্বিতীয় তলার সম্পূর্ণ অংশ দখলের চেষ্টা চালানো হয়।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। ওই বছরের ১৪ জুলাই তারা ভবনে প্রবেশ করে তালা ভেঙে ফ্ল্যাট দখলের চেষ্টা চালান এবং ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। বাদীকে নানা ধরনের হুমকিও দেওয়া হয়।

একই বছরের ২৮ আগস্ট আবারও হামলা চালিয়ে বাসার লোকজনকে আহত করা হয়। এ সময় ১০ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ৫ কোটি টাকা না দিলে ফ্ল্যাট দখলের হুমকিও দেওয়া হয়। যাওয়ার সময় ভবনের নিচতলায় গ্যারেজে ভাঙচুর চালিয়ে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

হামলায় আহতদের পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।