Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৮:২৮ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১৯:৩৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু – ছবি : সংগৃহীত

ঢাকা: চাহিদা অনুযায়ী দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

জ্বালানি মন্ত্রী বলেন, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় প্রাথমিকভাবে জ্বালানির ঘাটতি, সঞ্চালন এবং ঝড়-বৃষ্টির সময় রক্ষণাবেক্ষণের কারণে কিছুটা বিভ্রাট ঘটে। যদিও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। বিদ্যুৎ চাহিদাও দিন দিন বাড়ছে। গ্রাহকের চাহিদা পূরণে বন্ধ বিদ্যুৎকেন্দ্র চালুর জন্য কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে  তিনি বলেন, ২০১৭ সালে ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে হওয়া এই চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। জ্বালানি বিশেষজ্ঞ, আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সমন্বয়ে গঠিত ওই কমিটি চুক্তিটির প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে।

কমিটির পর্যালোচনার সারসংক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদিত এই চুক্তিতে বিদ্যুতের দাম তৎকালীন দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক বেশি ধরা হয়েছে। পর্যালোচনার প্রয়োজনে কমিটি আন্তর্দেশীয় চুক্তি বিষয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করেছে।

জাতীয় কমিটিকে উদ্ধৃত করে ইকবাল হাসান মাহমুদ বলেন, অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে এই চুক্তিটি এখন ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার এখন এই সংকট সমাধানে দুটি পথ বিবেচনা করছে। প্রথমত, আন্তর্জাতিক সালিশি আদালতে চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে দ্বারস্থ হওয়া। দ্বিতীয়ত, আদানি পাওয়ারের সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তির শর্তসমূহ সংশোধন ও বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ নেওয়া।

জ্বালানি মন্ত্রী আরও জানান, জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন, সরকার সেই কার্যকর পদক্ষেপই গ্রহণ করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর