Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট আসছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ০৯:০১

প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেট: দেশব্যাপী আয়োজিত খেলাধুলা ভিত্তিক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে আগামী ৩০ এপ্রিল সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম সিলেটে আসার ঘোষণা দিয়েছেন তিনি। তার সফর সফল করতে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশে ক্রীড়ার সঙ্গে শিশু-কিশোরদের মনোযোগ বাড়াতে ফুটবল, ক্রিকেট, হকিসহ সাতটি ইভেন্টে প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস। ৩০ এপ্রিল একই সঙ্গে সারাদেশে এই প্রতিযোগিতার উদ্বোধন হবে।

তবে আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য শ্বশুরবাড়ি সিলেটকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন তিনি সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক ও দলীয় ব্যস্ততা। প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে গত ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ওই বৈঠকের আয়োজন করে।

পরদিন বুধবার (১ এপ্রিল) সিলেট সফরে আসেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা স্টেডিয়ামে বেশ কিছু অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সংস্কারকাজের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে ওই দিন প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের ৬৪ জেলাতেও একযোগে কর্মসূচিটি চালু করা হবে।

এ প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, সবকিছু টিক থাকলে ৩০ এপ্রিল সিলেটে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বরণ করতে প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর