ঢাকা: সরকার ও রাজনৈতিক দলকে আলাদা রাখার লক্ষ্যেই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তার স্থলাভিষিক্ত হিসেবে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়ান আবদুর রশিদ নিলুকে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই পদত্যাগের ঘোষণা দেন সাকি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার ও দলীয় কার্যক্রমকে সাংগঠনিকভাবে পৃথক রাখার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে বিভিন্ন মত থাকলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই গুরুত্ব পাবে।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।
এর আগে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।