Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল

স্টাফ করেসপন্ডেট
৫ এপ্রিল ২০২৬ ১৪:৩৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: চাঁদাবাজির অভিযোগে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক-কে খালাস দিয়েছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া জানান, মামলাটি ছিল মিথ্যা অভিযোগভিত্তিক এবং এদিন মোজাম্মেল হক-কে আদালতে হাজির করা হয়। শুনানির সময় মামলার বাদীও উপস্থিত ছিলেন। পরে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় বাদী তার জবানবন্দিতে আসামিকে নির্দোষ দাবি করেন। আদালত সেই জবানবন্দি গ্রহণ করে খালাসের আদেশ দেন।

এর আগে গত ১ এপ্রিল মামলার বাদী খলিলুর রহমান আদালতে জবানবন্দি দিয়ে জানান, তিনি আপস করেছেন এবং আসামির খালাসে তার কোনো আপত্তি নেই। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের অফিস সহকারী সাইদুর রহমান নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৫ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে খলিলুর রহমানকে ধানমন্ডির একটি কার্যালয়ে ডেকে নেন। সেখানে নির্বাচনী খরচের জন্য তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গুম করার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে বলা হয়। পরবর্তীতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে ওই ব্যবসায়ীর কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগও তোলা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোজাম্মেল হককে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।