Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, একসঙ্গে ৩ বাস পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২০:৫৮

কুমিল্লা: জেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৩টি যাত্রীবাহীবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরের পর কুমিল্লা মহানগরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা যাত্রীবাহীবাসে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই স্ট্যান্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার পর হঠাৎ বাসস্ট্যান্ড এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় পরিবহন শ্রমিক ও বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন জ্বলছে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাস ৩টির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বের হয়ে যেতে দেখা গেছে। তাদের ধারণা, মাদক সেবনের পর অসাবধানতাবশত কিংবা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, ‘ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা স্বস্তির বিষয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

এদিকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বাসস্ট্যান্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর