Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে চলন্ত বাসে আগুন: বাস পুড়ে ছাই, যাত্রীরা সবাই অক্ষত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদরের ফতেপুরে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি বাস পুড়ে গেছে। তবে অক্ষত আছেন বাসটির সকল যাত্রী। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে এই দুর্ঘটনা।

 

বাসের যাত্রী সুব্রত ঘোষ জানান, তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশে ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে ওঠেন। বাসটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় ওই বাস নিয়ে ঢাকায় যেতে অপারগতা জানালেও নড়াইল এক্সপ্রেস কর্তৃপক্ষ ট্রিপে যেতে বাধ্য করে। এছাড়া গাড়িতে অতিরিক্ত যাত্রী নেয় তারা। কিছুদূর আসার পর বাসে আগুন লেগে যায়। আমরা কোনো রকমে প্রাণে বেঁচেছি।

আলাউদ্দিন নামে বাসের আরেক যাত্রী জানান, তিনি গাড়ি থেকে নামতে পারলেও তার ল্যাপটপ ও ব্যাগ গাড়িতেই থেকে যায়। ব্যাগের ভেতরে নগদ টাকাও ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেসের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ১০ কিলোমিটার দূরের ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে যাত্রীরা নিরাপদে বের হয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিল কর্তৃপক্ষকে। তা সত্ত্বেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কোনো বেআইনি পদক্ষেপের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর