Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় নারী কর্মী গ্রেফতার, মহিলা জামায়াতের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১১:৪৩ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৩:৩৭

ঢাকা: ভোলায় জামায়াতের মহিলা বিভাগের কর্মী গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

সোমবার (৬ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ভোলার বিবি সাওদা (৩৭) নামে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী, যিনি ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। গত ৫ এপ্রিল রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে এবং জেল হাজতে আটক রাখার আদেশ চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, একজন নারীকে রাতে বাড়ি থেকে আটক করা কোনো আইনি প্রক্রিয়া নয়। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে ফেসবুক পোস্টের জন্য নাগরিকদের গ্রেফতার করা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অশনিসংকেত।

মহিলা জামায়াত নেত্রী আরও বলেন, রাতের গভীরে গৃহ থেকে তুলে নিয়ে যাওয়া কোন সাধারণ ঘটনা হতে পারে না। চরমভাবে নারীর মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, নারীর ক্ষমতায়নের কথা বলা হয় অথচ নারীর গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে। এটা ভয়ের এক শাসনব্যবস্থার ইঙ্গিত। বিপ্লোপত্তর দেশে নারী গ্রেফতার করার মতো ঘটনা আমরা মেনে নেব না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, এঘটনা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমরা অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। একই সাথে দেশের সকল নারীর মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি দেয়ার আহ্বান জানাচ্ছি।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর