Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগ: মন্তব্যে নারাজ সিইসি

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৭:৩০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

‎ঢাকা: ‎সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের এমন মন্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদের আলোচনা এবং বর্তমানে বিচারাধীন (সাব-জুডিস) কোনো বিষয়ে তিনি কথা বলতে চান না।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎গত ৩১ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করে বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন।’

‎জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দুই দলই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আলোচনা করছেন, শপথ পড়ানো নিয়ে সালাউদ্দিন আহমদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এগুলো নিয়ে মামলা হয়েছে। এগুলো এখন সাব-জুডিস ম্যাটার। এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

‎সিইসি যোগ করেন, ‘পার্লামেন্টের আলোচনা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আর যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

‎এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচন কমিশনার (ইসি)
‎গণমাধ্যমকে বলেন, ‘ওই ফরম সংসদ সচিবালয় থেকে দেওয়া হয়েছিল। আমরা (ইসি) দেইনি। সিইসি আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন, এমন কোনো ফরম নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি।’

‎উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

‎এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়ে দ্বিতীয় সিইসি হিসেবে ইতিহাস গড়েন।

‎১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জনগণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমাদের নির্বাচিত করেনি। তাই তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না জানিয়ে শপথ অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। এরপর সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি সরকার গঠন করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পাঠ করান।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর