Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৮:১১

ঢাকা: রাজধানীতে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গত ৬ এপ্রিল দায়িত্বরত এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিংকে ঘিরে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

শনিবার (১১ এপ্রিল) সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ‘পুলিশের উপর জনগণের আস্থা নাই’ ধরনের মন্তব্য শুধু সংশ্লিষ্ট সদস্য নয়, পুরো পুলিশ বাহিনীর পেশাগত মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করেছে। এতে মাঠপর্যায়ের সদস্যদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটি বলছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, টহল কার্যক্রম পরিচালনা এবং জরুরি আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় অনেক সময় পুলিশ সদস্যদের রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। এ বাস্তবতা বিবেচনায় না এনে প্রকাশ্যে পুরো বাহিনী সম্পর্কে এমন মন্তব্য করা দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত নয়।

বিবৃতিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা একে অপরের পরিপূরক। তাই পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা জরুরি। কোনো বিচ্যুতি ঘটলে তা প্রাতিষ্ঠানিক বা আইনি প্রক্রিয়ায় সমাধান করাই শ্রেয়, প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য পারস্পরিক ভুল বোঝাবুঝি বাড়ায়।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪-পরবর্তী সময়ে পুলিশ বাহিনী নতুন করে নিজেদের পুনর্গঠনের মধ্য দিয়ে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এমন সময়ে বাহিনীর মনোবল ক্ষুণ্ন হয়, এ ধরনের বক্তব্য জননিরাপত্তা রক্ষার ধারাবাহিকতাকে ব্যাহত করতে পারে।

এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।