কক্সবাজার: পহেলা বৈশাখে নিরাপত্তা জোরদার করতে গিয়ে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন সশস্ত্র মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
সোমবার (১৪ এপ্রিল) ভোররাতে টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক-এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, পহেলা বৈশাখের ছুটির সুযোগে মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে একদল সশস্ত্র ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উত্তর কাঞ্জরপাড়া এলাকার মো. রাশেদ (প্রকাশ রাসেল) (২৫), মো. সোহেল উদ্দিন (প্রকাশ লালু) (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।
এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, আট রাউন্ড তাজা কার্তুজ ও একটি বড় রামদা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। তারা সীমান্ত এলাকা দিয়ে আসা মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।
র্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন মামলা দিয়ে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।