ঢাকা: রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। নতুন করে আগামী ৬ মে তারিখ নির্ধারণ করেছে আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, নির্ধারিত দিনে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারকের ব্যস্ততার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির করতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গেজেট প্রকাশের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন এবং বিচারকার্যের জন্য এটি বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করা হয়।
গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নেয় এবং আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করে পরে সেটি রেজিস্ট্রি করেন।
উল্লেখ্য, এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তীতে খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে আদালত তিন মাসের জন্য তদন্ত স্থগিত করেন। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।