Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যা মামলায় সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল হায়দার তৃতীয় দফায় রিমান্ডে

স্টাফ করেসপন্ডেট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার চাকরিচ্যুত সাবেক মেজর মাঞ্জিল হায়দার চৌধুরী-কে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার।

রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার-কে গ্রেফতার করা হয়। পরদিন ১০ এপ্রিল তাকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়। এরপর ১৪ এপ্রিল দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের শ্যালক আব্দুর রহমান ২১ আগস্ট নিউমার্কেট থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ওইদিন বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলাকালে আসামিদের উসকানি ও নির্দেশে গুলি চালানো হয়। এতে বহু নিরস্ত্র মানুষ আহত হন। ব্যবসায়ী ওয়াদুদ নিজের প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো