ঢাকা: একটি পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এদিন বিলটি উত্থাপনের অনুমতি চাইলে এ বিষয়ে আপত্তি জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি উল্লেখ করেন, মন্ত্রিসভা গত ২৩ জুলাই বিলটি অনুমোদন করলেও প্রায় চার মাস বিলটি সংসদে উত্থাপনে বিলম্ব হলো কেন। সংসদ সদস্যরা যাতে সময়মতো বিলটি ভালোভাবে পর্যালোচনা করতে পারেন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে ভবিষ্যতে এ বিষয়ে মন্ত্রীকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এর আগে বিলটি উত্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানান, বগুড়া ও এর সন্নিহিত এলাকায় একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠা, ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ এবং দুর্যোগসহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন উপহার দিতেই এই কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। মন্ত্রীর বক্তব্যের পর কণ্ঠভোটে বিলটি সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব পাস হয়।
এদিকে আজকের অধিবেশনে আরও তিনটি নতুন অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। সেগুলো হলো-পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।